প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৬৪ জেলায় স্কুল নির্মাণের উদ্যোগ সরকারের

দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আগের যেকোনো সময়ের তুলনায় প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে সরকার আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। তিনি আরও বলেন, ছেলে, মেয়ে, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) কিংবা নন-এনডিডি নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে সরকার আন্তরিকতার সঙ্গে দাঁড়াতে বদ্ধপরিকর।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি বেসরকারি খাতের মালিক ও উদ্যোক্তাদের প্রতি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব বাবা-মা সন্তানদের পরিচর্যা করতে গিয়ে পেশাজীবনে যুক্ত হতে পারেন না, তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।

দেশে বিশেষায়িত শিক্ষকের সংকটের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এই কার্যক্রম বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিকায়ন করা হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন শতাধিক কেয়ারার তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার দাবি জানান। অনুষ্ঠানে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনির সভাপতিত্ব করেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।