কারামুক্তির পর ফিলিস্তিনি সাংবাদিক: আমরা সঠিক পথেই আছি

ইসরাইলি পুলিশের হেফাজত থেকে পাঁচ দিনের কারাভোগের পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। পেতাহ তিকভা পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মুক্তির পরপরই আরব৪৮ নামের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু শেহাদেহ তার গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইসরাইলি কর্তৃপক্ষের এই কর্মকাণ্ডে তিনি দমে যাবেন না। বরং নিজের কর্মকাণ্ড এবং ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

আবু শেহাদেহ বলেন, আমাদের ভয় পাওয়া চলবে না। আমরা সঠিক পথেই আছি এবং সবার সমতা ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে তাকে মুক্ত করার প্রক্রিয়ায় যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে তার আইনজীবী দল এবং আইনি সহায়তাকারী সংস্থা আদালাহর প্রতি তিনি ধন্যবাদ জানান।

এর আগে গত বুধবার জাফায় অবস্থিত নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ইসরাইলি পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যরা তাকে আটক করে। সেই সময় তার বিরুদ্ধে বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল।