বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক অধ্যায় হিসেবে বিবেচিত। এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্ত হন এবং জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এই পটপরিবর্তনের ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশে বহুভিত্তিক ও ভূখণ্ডভিত্তিক ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর প্রাতিষ্ঠানিক রূপ ও রাজনৈতিক দর্শন বিকাশ লাভ করে।
১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের পর্যুদস্ত অর্থনীতি, চরম খাদ্যাভাব ও রাজনৈতিক অস্থিরতা জনগণকে দিশেহারা করে তুলেছিল। ১৯৭৪ সালে দেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে সরকারি হিসাব অনুযায়ী হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। পাকিস্তান থেকে আলাদা হওয়ার সময় কেন্দ্রীয় ব্যাংকে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় আন্তর্জাতিক বিশ্লেষকেরা তখন বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বা ‘Bottomless Basket’ হিসেবে উপহাস করেছিলেন। পরবর্তীতে একদলীয় বাকশালী শাসনের শাসনব্যবস্থা, উৎপাদনব্যবস্থা ভেঙে পড়া এবং নিরাপত্তার চরম অভাব সার্বিক পরিস্থিতিকে আরও বিষিয়ে তোলে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতা দখল করেন। একই বছরের ২৫ আগস্ট জিয়াউর রহমান চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হন। কিন্তু সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা ও ক্ষমতার দ্বন্দ্বে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান ঘটে। সেনাপ্রধান জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য করে তাঁর বাসভবনে গৃহবন্দী করা হয় এবং খালেদ মোশাররফ সেনাপ্রধানের দায়িত্ব নেন। ৩ নভেম্বরের অস্থিরতার চরম পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। পাশাপাশি খালেদ মোশাররফের অভ্যুত্থানের পেছনে প্রতিবেশী দেশের প্রভাব রয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় সাধারণ সেনা ও জনতার মাঝে গভীর অসন্তোষের জন্ম হয়।
এর আগে ১৯৭৪ সালেই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শ নিয়ে সেনাবাহিনীর ভেতরে ‘বিপ্লবী সৈনিক সংস্থা’ গঠন করা হয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের ও সিরাজুল আলম খানের নেতৃত্বে এই বাহিনী ঐতিহ্যবাহী সামরিক কাঠামোর বদলে ‘গণবাহিনী’ গঠন ও শ্রেণিসংগ্রামের নীতি ছড়িয়ে দিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। জাসদের প্রচারিত ১২ দফা সংবলিত পোস্টারে রাজবন্দিদের মুক্তি, বেতন বৃদ্ধি ও আবাসিক সুবিধা উন্নয়নের পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় দাবি ছিল ‘ব্যাটম্যান প্রথা লোপ’। অন্যদিকে ডানপন্থী দলগুলোও পোস্টার প্রচার করে খালেদ মোশাররফকে ভারতের দালাল হিসেবে আখ্যা দেয়। এই দ্বিমুখী প্রচারে সাধারণ সৈনিকেরা উত্তেজিত ও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সৈনিকদের মাঝে ‘সেপাই সেপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই’ জাতীয় শ্লোগান ছড়িয়ে পড়ে।
৬ নভেম্বর মধ্যরাতের পর সাধারণ সৈনিকেরা অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান এবং অস্ত্রসহ ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গুলিবর্ষণ করতে থাকেন। জাসদ ও বিপ্লবী সৈনিক সংস্থার বিদ্রোহের মাধ্যমে ৭ নভেম্বর মধ্যরাতে সৈনিকেরা গৃহবন্দী অবস্থা থেকে জিয়াউর রহমানকে উদ্ধার করে ক্ষমতার কেন্দ্রে এগিয়ে দেন। ঢাকার সাধারণ মানুষও সিপাহিদের সঙ্গে রাজপথে নেমে এসে ‘সিপাহি-জনতা ভাই ভাই, জিয়ার মুক্তি চাই’ স্লোগানে উল্লাস প্রকাশ করে। অভ্যুত্থানের সময় খালেদ মোশাররফ ও তাঁর সহযোগীরা নিহত হন। সিপাহি-জনতার এই অভূতপূর্ব ঐক্য থেকেই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিতি পায়।
মুক্তিলাভের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হওয়ার পর ১৯ দফা কর্মসূচি ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
৭ নভেম্বরের পটপরিবর্তন দেশের একদলীয় রাজনৈতিক অচলাবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করে এবং সমাজতান্ত্রিক অর্থনীতির জায়গায় মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনের সুযোগ তৈরি করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হওয়ার পর পূর্বে প্রচলিত ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর পরিবর্তে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণাটি সামনে আনেন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদের মতে, বহুজাতি, ধর্ম ও সংস্কৃতির এই দেশে শুধু ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদ নির্ধারণের লক্ষ্যেই তিনি এ পদক্ষেপ নেন। এতে বাংলাদেশের ভেতরের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহ অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পায়, আবার ভারতের বাঙালিদের থেকে এ দেশের মানুষের ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয় পৃথক হয়।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সরকারি ঘোষণার মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করা হয়। সংবিধানের ৮(১) ও ৮(১ক) অনুচ্ছেদে ‘সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতি অন্তর্ভুক্ত করা হয় এবং সমাজতন্ত্রকে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার হিসেবে সংজ্ঞায়িত করা হয়। পাশাপাশি সংবিধানের ২৫(২) অনুচ্ছেদে ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও সংরক্ষণের ধারা যুক্ত করা হয়।
বাংলাদেশের রাজনীতিতে ৭ নভেম্বরের মূল্যায়ন দলভেদে ভিন্ন। বিএনপি ও সমমনা দলগুলো একে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও, জাসদ দিনটিকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ এবং আওয়ামী লীগসহ কিছু দল একে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে বিবেচনা করে। তবে রাজনৈতিক ইতিহাসবিদদের মতে, দেশের চরম রাজনৈতিক শূন্যতা ও সার্বভৌমত্বের সংকটে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ ছিল বাংলাদেশের এক ঐতিহাসিক দিকপরিবর্তন।

