দেশের বিচার বিভাগকে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির নবীন সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিচার বিভাগকে এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পায় এবং এই বিভাগের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস ফিরে আসে। নবীন আইনজীবীদের মেধা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই বিচারালয়ের মর্যাদা সমুন্নত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইনমন্ত্রী বলেন, আইন পেশায় কোনো শর্টকাট পথ নেই। মেধা, প্রজ্ঞা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই আইনজীবীদের নিজেদের অবস্থান গড়ে নিতে হবে। একজন বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করার পর আইনজীবীর কাছেই আশ্রয় খোঁজেন, তাই মক্কেলের বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আইনজীবীদের নৈতিক দায়িত্ব। আদালতে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি ও আইনের গভীর জ্ঞান অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিচারকদের আইনের ঊর্ধ্বে মনে করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো বিচারকের কর্মকাণ্ডে মানুষের আস্থা ক্ষুণ্ন হলে তাঁকেও আইনের আওতায় জবাবদিহি করতে হবে।
আদালত অঙ্গনে কোনো দলীয় আধিপত্য বা ক্ষমতার দম্ভ না দেখিয়ে আইনজীবীদের আইনের কথা তুলে ধরার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সনদ পাওয়ার পর পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে নবীনরা অনেক সময় পেশাগত জীবনে চ্যালেঞ্জের মুখে পড়েন। সিনিয়রদের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও অনেক সময় তারা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতি পরিবর্তনে সরকার নবীন আইনজীবীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী জানান, আইনজীবীদের প্রশিক্ষণের জন্য চলতি বছর আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি কোম্পানিতে আইনজীবী নিয়োগের বিধান প্রবর্তনের জন্য কোম্পানি আইন সংশোধনের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আইনজীবীদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি পরামর্শ দেন, একজন আইনজীবী অন্তত দুটি মামলা দরিদ্রদের জন্য বিনা পারিশ্রমিকে পরিচালনা করতে পারেন।
বর্তমান সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুশাসন প্রতিষ্ঠা এবং বিগত সময়ে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ড, অন্যায় ও অবিচারের বিচার করতে বদ্ধপরিকর। বিগত ১৬ বছরের বেশি সময়ের আন্দোলনে সাড়ে চার হাজার সহযোদ্ধা হারানো, সাত শতাধিক মানুষকে গুম এবং ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার এসব অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করতে কাজ করছে। অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া সভাপতিত্ব করেন এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

