ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প জানান, দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা খুব শিগগিরই জানানো হবে।
ট্রাম্প বলেন, এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি আরও সামনে এগোতে চায় এবং এমন পরিস্থিতি নিশ্চিত করতে চায় যাতে এই ধরণের ঘটনা আর কখনোই না ঘটে। তিনি আরও বলেন, সম্ভব হলে তিনি পুরো দেশটি ধ্বংস করতে চান না, তবে পরিস্থিতি বিবেচনায় তাকে হয়তো তা-ই করতে হতে পারে। আর আপনারা তা শিগগিরই জানতে পারবেন।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্প মন্তব্য করেন যে, ইরান ঘুরে দাঁড়াতে প্রায় ২৫ বছর সময় নিতে পারে। এছাড়া মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে এসেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তাদের অনুমোদন ছাড়া ইরান কিছুই করছে না।

