আইজেনকটকে ৬৭ এমপির সমর্থন, সরকার গঠনের পথে ইসরাইল

ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছেন দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০ জন সদস্যের মধ্যে ৬৭ জন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোচনার পর এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই সমর্থন গাদি আইজেনকটের জন্য নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করেছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট হারজগ জানিয়েছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা।

যদিও আইজেনকটের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন স্পষ্ট, তবুও সরকার গঠনের ম্যান্ডেট প্রদানের আগে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক নেতাদের সঙ্গে আরও আলোচনার কথা জানিয়েছেন। আগামী রোববার তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। আইজেনকটের দল ইয়াশা দ্রুত তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেয়ার আহ্বান জানিয়েছে। দলটির দাবি, ২০১৫ সালের পর কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পক্ষে এটিই সর্বোচ্চ সমর্থন এবং ১২০ সদস্যের পার্লামেন্টে ৬৭ জনের এই সমর্থন জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

তবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলেও আইজেনকটের জন্য সরকার গঠন এখনো চ্যালেঞ্জিং। তাকে সমর্থন দেয়া ছয়টি দলের মধ্যে ৪৮ সদস্যের চারটি ইহুদি-নেতৃত্বাধীন দল এবং ১৯ সদস্যের দুটি আরব-নেতৃত্বাধীন দল রয়েছে। এর মধ্যে ইহুদি-নেতৃত্বাধীন তিনটি দল এখনো আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে আপত্তি জানিয়ে আসছে। তবে নেতানিয়াহুর বিদায়ী জোট গত নির্বাচনে ৫৩টি আসন পেলেও সাত আসনের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) তাকে সমর্থন দেয়নি, যা ভবিষ্যতে আইজেনকটের সরকার গঠনের ক্ষেত্রে সহায়ক হতে পারে।

ইসরাইলের চ্যানেল ১২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান হারেদি দলগুলোর সঙ্গে সরকার গঠনে তার আগের আপত্তি শিথিল করেছেন। তিনি এখন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোকে প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন। লিবারম্যানের সঙ্গে আইজেনকটের প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগি কিংবা হারেদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়েও সমঝোতার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নতুন পার্লামেন্টের স্পিকার নির্বাচন নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে দর-কষাকষি তীব্র হচ্ছে। আগামী ১০ নভেম্বর নতুন পার্লামেন্টের সদস্যরা শপথ নেয়ার পর স্পিকার নির্বাচনের কথা রয়েছে। লিকুদ পার্টির বর্তমান স্পিকার আমির ওহানাকে সরানোর উদ্যোগ নেয়া হয়েছে এবং আরব দল রা’আমসহ অন্যান্যরা স্পিকার পদে আগাম ভোটের দাবিতে যোগ দিয়েছে। স্পিকার ওহানা জানিয়েছেন, অন্তত ৬১ জন আইনপ্রণেতা আবেদন করলে তিনি এ বিষয়ে আলোচনা করবেন।