বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তাদের ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিমের অর্থ ছাড়ের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো সরাসরি তাদের নিজস্ব তহবিল থেকে গ্রাহকদের ঋণ প্রদান করবে। ঋণ বিতরণ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে পুনঃঅর্থায়নের জন্য আবেদন করতে পারবে। আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে আগাম অর্থ নিয়ে গ্রাহককে ঋণ দেওয়ার যে পদ্ধতি ছিল, তা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। নতুন নির্দেশনায় ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্-অর্থায়ন স্কিম’-এর নাম পরিবর্তন করে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম’ রাখা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় ঋণ বিতরণের আগে ব্যাংকগুলোকে তাদের পরিচালনা পর্ষদ অথবা নির্বাহী কমিটির কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। ঋণ বিতরণের পরবর্তী সপ্তাহের মধ্যে সব ধরনের তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পুনঃঅর্থায়নের জন্য আবেদন জমা দিতে হবে। কোনো কারণে নির্ধারিত সময়ে আবেদন করা সম্ভব না হলে, উপযুক্ত কারণ দর্শিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে আগে প্রকল্প ঋণ নিয়েছেন, এই বিশেষ স্কিমের আওতায় ঋণ পাওয়ার ক্ষেত্রে সেই ব্যাংকটিই অগ্রাধিকার পাবে। ঋণের সব ধরনের লেনদেন গ্রাহকের এসক্রো অথবা রেভিনিউ হিসাবের মাধ্যমে সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনায় ঋণগ্রহীতার বিষয়ে কঠোর যাচাই-বাছাইয়ের শর্তও যুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণপ্রত্যাশী গ্রাহক অতীতে অর্থপাচার, জালিয়াতি, তহবিল অন্য খাতে সরিয়ে নেওয়া কিংবা ঋণের অর্থের অপব্যবহার করেননি—এ মর্মে ব্যাংককে গ্রাহকের কাছ থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে।

