রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে এই হামলা চালানো হয়। এতে ক্যান্টনমেন্ট থানা পুলিশের 'গলফ ক্লাব-৮৩' নামের টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন।
স্থানীয় তথ্য অনুযায়ী, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের টহল গাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের ফলে গাড়ির চালকের আসনে থাকা কনস্টেবল মো. এনামুলের বাম চোখে আঘাত লাগে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সঙ্গে জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

