কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ওই যুবকের নাম শাহরিয়ার জামান। ঘটনার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তি শাহরিয়ার জামানের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে আহত যুবকের বাবা আখতারুজ্জামান রঞ্জন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত খোঁজ-খবর নিয়ে তিনি পরে বিস্তারিত জানাবেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হামলাকারী কে বা কারা এবং কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ওসি আরও জানান, জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

