খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী, মোংলা বন্দরে নতুন জেটির ভিত্তিপ্রস্তর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার আবারও খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে মোংলা বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগকে ঘিরে সবাই বেশ আশাবাদী।

সফরসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় মোংলা বন্দরে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পটি চীনা ঋণ ও সরকারি অর্থায়নে সম্পন্ন হবে। এর আওতায় আধুনিক কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, আধুনিক ক্রেন ও কনটেইনার হ্যান্ডলিং প্রযুক্তি যুক্ত করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়ে ৪ লাখ টিইইউতে উন্নীত হবে। সংশ্লিষ্টদের আশা, এর ফলে পণ্য ওঠানামার গতি বাড়বে, জাহাজের অপেক্ষমাণ সময় কমবে এবং সেবার মান উন্নত হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকল্প ও উন্নয়ন) শেখ শওকত আলী জানান, এই আধুনিকায়নের ফলে বন্দরের অবকাঠামোগত সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলামও এ প্রকল্পকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে খুলনা সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করবেন। দুই সপ্তাহের ব্যবধানে প্রধানমন্ত্রীর এই সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।