টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম। বুধবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও চিকিৎসকদের আচরণ সম্পর্কে ভর্তি রোগীদের কাছ থেকে সরাসরি তথ্য নেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসকদের কক্ষ, পরীক্ষা-নিরীক্ষার বিভাগ ও রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম বলেন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কিছুটা সংকট রয়েছে এবং প্রয়োজনীয় জনবল বাড়ানো প্রয়োজন। তিনি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। এছাড়া, হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সংযুক্তি থাকলেও তাঁরা ঢাকায় কর্মরত রয়েছেন, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাঁদের কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে তিনি জানান, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং বিদ্যমান সমস্যা দূর করার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। রোগীদের সঙ্গে কথা বলে খাবারের মান ও ওষুধ সরবরাহ নিয়ে সন্তোষজনক মতামত পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রিতম সরকারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

