রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৪

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণের পর ছুরিকাঘাতের ঘটনায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট বাজারে এই সহিংস ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবাদুল্লাহ গাজী এবং জাহিদ, রায়হান ও সফিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাশেরহাট বাজারে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এবাদুল্লাহ গাজী ও জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুজন রায়হান ও সফিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সুজন প্রকাশ সাইফুল (৩২) নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক সুজন ভোলা সদর থানার শ্যামপুর বেদুয়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে। বর্তমানে খাশেরহাট বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ছুরিকাঘাতে আহত করার অভিযোগে সুজন প্রকাশ সাইফুল নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টিরও অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।