ঠাকুরগাঁওয়ে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. পারভেজ ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলার অপর আসামি হাফিজউদ্দীন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি পারভেজের ঘনিষ্ঠ বন্ধু।
ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে নির্যাতন ও ভরণপোষণ না পাওয়ার অভিযোগে স্ত্রী প্রায় নয় মাস আগে বাবার বাড়িতে চলে যান। বিয়ের পর থেকেই পারভেজ তার স্ত্রীর অগোচরে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রেখেছিলেন। পরে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তিনি। স্ত্রী এতে রাজি না হলে পারভেজ তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, পারভেজ তার ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীনের কাছে এসব ছবি ও ভিডিও পাঠিয়েছিলেন। পরে দুজনের যোগসাজশে ভুক্তভোগী নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। এমনকি হাফিজউদ্দীনকে বিয়ে করার জন্যও ওই নারীকে চাপ দেওয়া হচ্ছিল। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানিয়েছেন, মামলার প্রধান আসামি পারভেজ ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

