শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ থেকে মানুষ বিক্ষোভ করছেন। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জনগণকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সুযোগ নিশ্চিত করা।

ডুজারিক আরও বলেন, প্রতিটি দেশের সরকার বা কর্তৃপক্ষের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত ও সুরক্ষিত রাখা। পাশাপাশি জনগণের অভিযোগ ও অসন্তোষের কথা শুনে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভাঙচুর, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী? তবে এই প্রশ্নের জবাবে নাশকতা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মুখপাত্র স্টিফেন ডুজারিক।