যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির উদ্বেগে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। এর আগের কার্যদিবসে ধাতুটির দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেলেও মঙ্গলবার তা বড় অঙ্কে কমেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বরের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১৪ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।
জ্বালানি তেলের দাম ১ ডলারের বেশি বৃদ্ধির পেছনে ইরানের এক কর্মকর্তার যুদ্ধের অবসানে চুক্তি এখনো অনেক দূরে থাকার মন্তব্য এবং একই সময়ে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাকে দায়ী করা হচ্ছে। এই সরবরাহঝুঁকি ও উচ্চ জ্বালানি মূল্যের কারণে কঠোর মুদ্রানীতির প্রয়োজনীয়তা আরও জোরালো হচ্ছে।
উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিশতেশ শাহ জানান, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়ে, যার ফলে সুদের হার বাড়ার প্রত্যাশা তৈরি হয় এবং এটি স্বর্ণের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে বাজার ঠিক সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যেহেতু স্বর্ণ একটি সুদবিহীন সম্পদ, তাই সুদের হার বাড়লে তা ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৫ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা।
বাজার বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকেও নজর রাখছেন। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, ডেমোক্র্যাটদের বড় জয় প্রযুক্তি খাতে বিনিয়োগ ও এআই ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। প্রযুক্তি খাতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়লে বিনিয়োগকারীরা অন্য খাতের লোকসান পুষিয়ে নিতে স্বর্ণে তাদের বিনিয়োগ কমিয়ে দিতে পারেন।
এদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল চলতি বছরে স্বর্ণে বিনিয়োগের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪০০ মেট্রিক টন থেকে কমিয়ে ২০০ মেট্রিক টনে নামিয়ে এনেছে। সংস্থাটির মতে, স্বর্ণের বার ও কয়েনের চাহিদা দুর্বল হওয়ার কারণেই এই পূর্বাভাস সংশোধন করা হয়েছে। তবে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পূর্বাভাস বাড়ানো হয়েছে।

