কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে প্রতিপক্ষের হামলায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের মা আলেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরেই অভিযুক্তদের সঙ্গে তাঁদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে অভিযুক্তরা তাঁদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে চারটার দিকে প্রতিবেশী জহুর শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে।

হামলার সময় নাসিমা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে নাসিমা খাতুনের পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। দ্রুত তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।