জ্বালানি ও ওষুধে বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে জ্বালানি, ওষুধ, পোশাক, চামড়া, স্বাস্থ্য এবং জাহাজ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কৌশলগত সহযোগিতা প্রসারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত বিনিময় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে উত্তর আফ্রিকার এই দেশটি। রোববার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আলজেরীয় বিপ্লবের ৭২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদুল ওয়াহাব সাইদানি এই ইচ্ছার কথা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সম্প্রতি তার আলজিয়ার্স সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, তেল, গ্যাস, ওষুধ, তৈরি পোশাক, চামড়াশিল্প, স্বাস্থ্য ও জাহাজ নির্মাণ খাতে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রে এ সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসঙ্গে অভিন্ন ঐতিহাসিক সংহতি, সক্রিয় কূটনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি ধরে বাংলাদেশ ও আলজেরিয়ার পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক ক্রমান্বয়ে সুদৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত আবদুল ওয়াহাব সাইদানি জানান, স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ন্যায়বিচার ও সার্বভৌমত্বের প্রতি একাত্মতার মধ্য দিয়ে দুই দেশের সুদৃঢ় সম্পর্কের সূচনা হয়। ১৯৭১ সালে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অনন্য গৌরব অর্জন করেছিল আলজেরিয়া। রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশের পররাষ্ট্রনীতি স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণাধিকার, জাতীয় সার্বভৌমত্ব, সংলাপ এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসনের নীতির ওপর প্রতিষ্ঠিত। এ সময় তিনি ফিলিস্তিন ও পশ্চিম সাহারার মুক্তিকামী জনগণের ন্যায়সংগত দাবির প্রতি আলজেরিয়ার অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আলজেরিয়ার অর্থনৈতিক রূপান্তরের চিত্র তুলে ধরে রাষ্ট্রদূত জানান, প্রেসিডেন্ট আবদুল মাজিদ তিব্বুনের নেতৃত্বে তার দেশ অর্থনীতিতে বৈচিত্র্য আনার ধারাবাহিক উদ্যোগ নিয়েছে। হাইড্রোকার্বন বা জ্বালানিনির্ভর খাতের বাইরে গিয়ে রপ্তানি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, খনিশিল্প, কৃষি, আবাসন খাত সম্প্রসারণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে দেশটি।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খনিশিল্প, তেল ও গ্যাস খাতে আলজেরিয়ার দীর্ঘদিনের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। ফলে জ্বালানি প্রযুক্তি, প্রযুক্তি হস্তান্তর ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির জন্য আলজেরিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী। মন্ত্রী জানান, আলজেরিয়া থেকে গ্যাস আমদানি এবং জ্বালানি খাতে বিস্তৃত সহযোগিতার লক্ষ্যে গত মাসেই একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

জ্বালানিমন্ত্রী আরও জানান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতের বিস্তার এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ঘটিয়ে এই সম্পর্ককে আরও জোরদার করা সম্ভব। আলজেরীয় বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশের বস্ত্র, শিল্পপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সিরামিক এবং হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। একইভাবে বাংলাদেশের উদ্যোক্তাদেরও আলজেরিয়ার কৌশলগত ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে সেখানে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ১ নভেম্বর ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক আলজেরীয় বিপ্লব শুরু হয়েছিল। দীর্ঘ ১৩২ বছরের ফরাসি শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। এ বছর বিপ্লবের ৭২তম বার্ষিকীর মূল প্রতিপাদ্য ছিল—‘নভেম্বর ১: দেশের স্মৃতি এবং উম্মাহর ভবিষ্যৎ’। ঢাকায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, সরকার ও আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে বসবাসরত আলজেরীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।