রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম রোববার দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশঙ্কার কথা জানান।
মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য সরকার ইতিমধ্যেই মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ডের মাধ্যমেই এই বিষয়ে কাজ হবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক থেকে সরছিলেন না। পুলিশের কাছে মনে হয়েছে, এই আন্দোলনের আড়ালে কোনো রাষ্ট্রবিরোধী চক্র পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
তিনি জানান, জনভোগান্তি কমাতে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে সড়ক পরিষ্কার করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। পুলিশের কোনো সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তখন ব্যস্ত ছিল। তবে কারো মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়ে থাকলে তা উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে এবং সাংবাদিকদের সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
এর আগে রোববার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন।

