বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে সপ্রণোদিত (সুয়োমোটো) আদালত অবমাননার ನೋটিশ জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৪ঠা নভেম্বর তাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই দিনে ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ই নভেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে।
রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংকালে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জানান, এবি পার্টির এক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলার সময় মন্তব্য করেন, ‘এইখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’ বক্তব্যটি ট্রাইব্যুনালের নজরে আসলে আদালত তা আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে তার কাছে ব্যাখ্যা তলব করেন এবং সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের এক বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ট্রাইব্যুনালে কেবল পলাতক আসামিদের বিচার চলছে বলে যে দাবি করা হচ্ছে, তা অসত্য। তিনি ব্যাখ্যা করে বলেন, পলাতক আসামিদের ক্ষেত্রে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সিল) প্রসিকিউশনের নথিপত্রের ওপর ভিত্তি করে মামলা পরিচালনা করায় তা দ্রুত নিষ্পত্তি হয়। অন্যদিকে উপস্থিত আসামিদের একাধিক আইনজীবী থাকেন এবং আসামিরা সরাসরি নির্দেশনা দেন। বিভিন্ন কারণে সময়ক্ষেপণ হওয়ায় তাদের বিচার প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হয়। তবে পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম ও জিয়াউল আহসানসহ উপস্থিত একাধিক আসামির বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ২০১৩ সালের শাপলা চত্বর মামলার চার্জ গঠনের শুনানির নির্ধারিত দিনে গ্রেপ্তারকৃত ১১ জন আসামির মধ্যে ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তাকে উপস্থিত করার অপারগতা জানায়। এর ফলে শুনানি অনুষ্ঠিত হতে পারেনি এবং ট্রাইব্যুনাল-২ চার্জ গঠনের পরবর্তী শুনানির জন্য আগামী ১২ই নভেম্বর দিন ধার্য করেন।
এছাড়া ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলায় আসামি জিয়াউল আহসান কারাগারে আনা-নেয়ার পথে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে একক প্রিজন ভ্যানের বদলে সবার সঙ্গে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন করেছিলেন। প্রসিকিউশন তার নিরাপত্তার বিষয়ে একমত হলেও সবাইকে একসাথে আনার আবেদনের বিরোধিতা করে। এর পরিবর্তে প্রসিকিউশন তাকে সরাসরি আদালতে না এনে কারাগার থেকে ভার্চুয়ালি অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে উপস্থিত রাখার আবেদন জানালে ট্রাইব্যুনাল-১ তা মঞ্জুর করেন। একই যুক্তিতে ট্রাইব্যুনাল-২-এ-ও প্রসিকিউশন থেকে অনুরূপ আবেদন করা হয়। আবেদনটির শুনানি শেষে সংশ্লিষ্ট আইন যাচাই-বাছাইয়ের জন্য ১২ই নভেম্বর চার্জ শুনানির দিনই এর পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। প্রসিকিউটর তামিম উল্লেখ করেন, আইনে আসামির অনুপস্থিতিতে আইনজীবীর উপস্থিতিতে চার্জ শুনানি পরিচালনার সুযোগ থাকলেও চার্জ গঠনের দিন আসামির সশরীরে উপস্থিতি আবশ্যক।

