মাঠের জনপ্রিয়তায় লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো বহু দূর এগিয়ে থাকলেও বাণিজ্যিক আকর্ষণে তাঁদের পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার শুবমান গিল। ক্রীড়াবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘স্পোর্টসপ্রো’ প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ৫০ জন সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদের তালিকায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুবমান গিল এই তালিকার ১৩তম অবস্থানে স্থান করে নিয়েছেন। গিলের ঠিক পরেই ১৪ নম্বর স্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকায় ১৯তম স্থান পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ২৭তম স্থান অর্জন করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
বাণিজ্যিক আকর্ষণের এই তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। চারটি গ্র্যান্ড স্লাম জয়ী ও র্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলারুশের এই খেলোয়াড়ের সঙ্গে নাইকি, গুচি ও এমিরেটসের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের চুক্তি রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন চীনের আইলিন গু এবং তৃতীয় স্থানে আছেন বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুনম্পো। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন যথাক্রমে ফুটবলার আর্লিং হালান্ড এবং টেনিস তারকা কার্লোস আলকারাজ।
সামগ্রিকভাবে স্পোর্টসপ্রোর সেরা পঞ্চাশের তালিকায় ভারতের পাঁচজন ক্রীড়াবিদ জায়গা করে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ৮৫তম, মহেন্দ্র সিং ধোনি ৮৩তম এবং রোহিত শর্মা ৯০তম অবস্থানে থাকলেও, সবাইকে পেছনে ফেলে তালিকার সবচেয়ে ওপরে উঠে এসে তাক লাগিয়ে দিয়েছেন শুবমান গিল।

