বাংলাদেশ, ভারত ও নেপালসহ দক্ষিণ এশিয়ার প্রকৃত ও যোগ্য শিক্ষার্থীরা যাতে কঠোর শর্তের কারণে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না যান, সে জন্য শিক্ষার্থী ভিসানীতি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। ভিসা প্রত্যাখ্যানের উচ্চ হার নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক শিক্ষা খাতে নেতিবাচক প্রভাব এড়াতে কড়াকড়ির পাশাপাশি প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনুমোদন পাওয়ার সম্ভাবনা বাড়াতে চাইছে স্বরাষ্ট্র ও শিক্ষা বিভাগ। গত শুক্রবার সিডনিতে আন্তর্জাতিক শিক্ষা সংক্রান্ত এক সম্মেলনে সরকারের এসব সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল। তিনি জানান, আর্থিক মানদণ্ড কঠোর হলেও সরকারের মূল উদ্দেশ্য আবেদন কমানো নয়, বরং প্রকৃত শিক্ষার্থীদের জন্য ভিসা অনুমোদন সুনিশ্চিত করা।
প্রস্তাবিত এই সংস্কারের আওতায় ভিসা আবেদনে আর্থিক সক্ষমতা যাচাইয়ের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে। এখন থেকে শুধু ব্যাংক হিসাবে জমাকৃত অর্থের পরিমাণই নয়, বরং সেই অর্থের মূল উৎস, মালিকানা, বৈধতা ও ধারাবাহিক লেনদেনের ইতিহাস কড়া পর্যবেক্ষণে রাখা হবে। আবেদনকারীর মা-বাবা বা অন্য কোনো স্বজন স্পনসর হলে তাদের আয়ের উৎস এবং অর্থের প্রকৃত স্বত্ব খতিয়ে দেখা হবে। এ ছাড়া নিউজিল্যান্ডের মতো একটি নির্দিষ্ট ব্যবস্থার অধীনে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় জমা রেখে আর্থিক সামর্থ্য প্রমাণের পদ্ধতি চালু করা যায় কি না, তা-ও পর্যালোচনা করছে দেশটির সরকার। তবে সহকারী মন্ত্রী জুলিয়ান হিল স্পষ্ট করেছেন যে, নিউজিল্যান্ডের আদলে কোনো ব্যবস্থা চালু করা হলেও তা দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শিক্ষার্থীদের আসল উদ্দেশ্য যাচাইয়ের জন্য বর্তমানে বলবৎ রয়েছে মন্ত্রিপর্যায়ের নির্দেশনা ১০৬ বা এমডি ১০৬। এর মাধ্যমে আবেদনকারীর পূর্ববর্তী পড়াশোনার সঙ্গে নির্বাচিত কোর্সের সামঞ্জস্য ও ভবিষ্যৎ পরিকল্পনা মূল্যায়ন করা হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও শিক্ষা বিভাগ যৌথভাবে এমডি ১০৬-এর পরিবর্তে একটি নতুন মিনিস্টেরিয়াল ডিরেকশন প্রণয়নের কাজ করছে, যাতে প্রকৃত শিক্ষার্থী মূল্যায়নের প্রক্রিয়াটি আরও বস্তুনিষ্ঠ হয়। অবশ্য নতুন নীতিমালা এখনো কার্যকর হয়নি এবং বর্তমান এমডি ১০৬ পদ্ধতিও বাতিল করা হয়নি।
মূলত দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের চড়া হার নিয়েই উদ্বিগ্ন অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশি শিক্ষার্থীদের অফশোর স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার লাফিয়ে ৩৩.৪ শতাংশে পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল মাত্র ৩.৭ শতাংশ। একই সময়ে নেপালের অফশোর আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৫১ শতাংশ ছাড়িয়েছে এবং ভারতের ক্ষেত্রে তা ৪০ শতাংশের উপরে রয়েছে। এর আগে ২০২৬ সালের ৮ জানুয়ারি বাংলাদেশকে এভিডেন্স লেভেল ২ থেকে লেভেল ৩-এ উন্নীত করার তথ্য জানা যায়, যদিও ৩০ সেপ্টেম্বরের হালনাগাদে দেশভিত্তিক সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি অস্ট্রেলিয়া। অবশ্য এভিডেন্স লেভেল বাড়ানো মানেই স্বয়ংক্রিয় ভিসা প্রত্যাখ্যান নয়, প্রতিটি আবেদন ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে বিচার করা হয়।
ভিসা নীতিতে কড়াকড়ি শুরুর পর থেকে অস্ট্রেলিয়ার নিজস্ব শিক্ষা খাতও আর্থিক ঝুঁকিতে পড়েছে। সরকারি পূর্বাভাস বলছে, ২০২৬ সালে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর ভর্তি অন্তত ১৮ শতাংশ কমে যেতে পারে। ফলে আগামী তিন বছরে বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব আয় প্রায় দুই বিলিয়ন অস্ট্রেলীয় ডলার হ্রাস পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রধান রপ্তানি খাত হিসেবে শিক্ষা খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ধরে রাখার পাশাপাশি যোগ্য শিক্ষার্থী বাছাই করাই এখন অস্ট্রেলিয়া সরকারের সামনে মূল চ্যালেঞ্জ।

