কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চতুর্থ চালান। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানির এই চালানটি প্রকল্প এলাকায় নিয়ে আসা হয়। সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃঢ় নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান। সব মিলিয়ে এ পর্যন্ত প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালান সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় তৈরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ (VVER-1200) মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ আগেই জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবহনের পরিকল্পনা রয়েছে।
এদিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে ইতোমধ্যেই শুরু হয়েছে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্বের কার্যক্রম। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম চালুর আনুষ্ঠানিক অনুমোদন দেন। এই পর্যায়ে রিঅ্যাক্টরের কার্যক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি করে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ, টারবাইন-জেনারেটর, পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা চালানো হবে। এসব প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে প্রযুক্তিগত পরিভাষায় ‘সিনক্রোনাইজেশন’ বলা হয়।
ইতিমধ্যেই রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, সব পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে আগামী নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

