রাজশাহীর মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি শীষ দুলছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন মাঠে এখন আগাম জাতের ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। গত বুধবার তানোর, গোদাগাড়ী ও পবা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা কাস্তে হাতে ধান কাটছেন এবং মাঠেই আঁটি বেঁধে স্তূপ করছেন। নিচু জমি ও আগে রোপণ করা ধানক্ষেতে পাকা শীষের আধিক্য বেশি দেখা গেছে। ধান কাটা ও মাড়াইকে কেন্দ্র করে গ্রামজুড়ে এক উৎসবের আমেজ বিরাজ করছে। কৃষকদের প্রত্যাশা, ফলন ভালো হওয়ার পাশাপাশি এবার ধানের ন্যায্যমূল্যও নিশ্চিত হবে।
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষক আব্দুল জলিল জানান, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় ধান নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। তবে পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের গাছ ও শীষ বেশ ভালো হয়েছে। রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় তিনি ভালো ফলনের আশা করছেন। পবা উপজেলার কৃষক রজব আলী বলেন, ধানের শীষ দেখে ভালো ফলনের আশা করছেন তিনি, যা পরিবারের সারা বছরের খাদ্যের চাহিদা পূরণ করবে। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারদর নিয়ে তার কিছুটা উদ্বেগ রয়েছে। গোদাগাড়ীর কৃষক মোসলেম উদ্দিন জানিয়েছেন, বড় কোনো দুর্যোগ না হলে বিঘাপ্রতি ভালো ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ঘরে তোলার পর একই জমিতে আলু, সরিষা ও পেঁয়াজসহ বিভিন্ন রবি শস্য আবাদের পরিকল্পনা রয়েছে অনেকের। আগাম ধান কাটা শেষ হলে জমি দ্রুত প্রস্তুত করে পরবর্তী ফসল চাষের সুযোগ মিলবে, যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মাধ্যমে তিন লাখ ১৪ হাজার ৩৩৬ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ২৩ হাজার ৭৬২ হেক্টর এবং তানোর উপজেলায় ২১ হাজার ৯৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এবার অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে ধানের গঠন ভালো হয়েছে। তবে ধান পুরোপুরি ঘরে না ওঠা পর্যন্ত অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে যায়। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান, তানোরে আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং রোগবালাই মোকাবিলায় কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মিতা সরকার জানান, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমনের বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

