ইরানে হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১৮ ডলারে

আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। তেলের ট্যাংকারে হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের মূল্যে। আল জাজিরার তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে দাঁড়িয়েছে। এটি আগের দিনের তুলনায় প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।

একইভাবে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও ঊর্ধ্বমুখী। সেখানে প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা চতুর্থ মাসের মতো বাড়ছে। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিশ্বব্যাংক চলতি সপ্তাহে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকলে চলতি বছর জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। সামগ্রিকভাবে এ বছর জ্বালানির দাম প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।