রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফ প্রাঙ্গণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির হামলায় মো. ফজের আলী (৭০) নামের এক বাবুর্চি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে।
ঘটনার সময় বাবুর্চির সহকারী সোনাভান বিবি (৭০) গুরুতর আহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে খাবার চেয়েছিলেন। খাবার দিতে দেরি হওয়ায় তিনি রন্ধনশালায় থাকা রান্নার লাকড়ি দিয়ে বাবুর্চি ও তার সহকারীকে পিটিয়ে গুরুতর জখম করেন।
উপস্থিত ভক্ত ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষণা করেন এবং আহত সোনাভান বিবিকে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই হামলাকারীকে আটক করেছে। বর্তমানে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

