নভেম্বরের শুরুতেই বাড়তে পারে শীতের অনুভূতি

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে বর্তমানে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সারা দেশে কমবেশি বৃষ্টি হয়েছে। এদিন সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় রাজশাহীতে; তবে রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক দৈনিক আমার দেশকে বলেন, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এরপর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে। মূলত আগামী ৪ থেকে ৫ নভেম্বরের দিকে তাপমাত্রা কমতে শুরু করলে রাত ও ভোরের দিকে শীত অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের পর শনিবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী ১ ও ২ নভেম্বর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বর্ধিত দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আভাস রয়েছে।