বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার পর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর আগে তিনি কোনো একটি বিষয় নিয়ে বেশ আতঙ্কিত ছিলেন বলে জানিয়েছেন তার বাবা কেএম এনায়েতুল করিম। ছেলে ঠিক কী কারণে আতঙ্কে ভুগছিলেন, সে সম্পর্কে পরিবার নিশ্চিতভাবে কিছু জানতে পারেনি।
তাহসিফের নিখোঁজ হওয়ার আগের ঘটনা বর্ণনা করতে গিয়ে তার বাবা জানান, গত ২৭ অক্টোবর সারাদিন তিনি মায়ের সঙ্গেই কাটিয়েছেন। দুজনে কেনাকাটা করেন এবং তাহসিফ তার বাবার জন্যও কেনাকাটা করেছিলেন। তবে সন্ধ্যার পর বাসার নিচ থেকে পরিচিত এক জুনিয়র বা ছোট ভাই তাকে ডাক দেয়। তখন তাহসিফ তার মাকে 'দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি' বলে নিচে নেমে যান। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি।
সন্তান নিচে নেমে না ফেরায় তার মা বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাহসিফের মোবাইল ফোন থেকে একটি বার্তা আসে। ব্যস্ত ভঙ্গিতে পাঠানো ওই বার্তায় তিনি লেখেন, 'আসছি, আম্মু আমি আসছি'। কিন্তু এর পর থেকে তার অবস্থান আর শনাক্ত করা যায়নি।
ছেলের খোঁজে গতকাল দুপুরে উত্তরা থানায় যান কেএম এনায়েতুল করিম। সে সময় পুলিশ তাকে আশ্বস্ত করে জানায় যে খারাপ কোনো খবর নেই এবং তাকে নিশ্চিন্ত থাকতে বলা হয়। তবে বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোনে কথা বলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর ওসি জানান, নদী থেকে তাহসিফের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উত্তরখান এলাকার কিপাড়া দিয়ে রাজাবাড়ী ঘাট সংলগ্ন নদী থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বাবা জানান, রাজাবাড়ী ঘাটের ওই এলাকায় তার ছেলে কখনো যেতেন না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ছেলে মাঝে মধ্যে তার কাছে এসে অজানা এক আতঙ্কের কথা বলতো। তবে কী কারণে সে আতঙ্কিত ছিল, তা পরিবার এখনো বুঝে উঠতে পারেনি। (প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম)

