ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের সুবিধাসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে অ্যাম্বুলেন্স মালিকরা যে ধর্মঘট পালন করছিলেন, তা আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এই ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন। গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর বা মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকেই বিপাকে পড়েন। অ্যাম্বুলেন্সের অভাবে অনেককে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা কিংবা কাভার্ড ভ্যানে করে মরদেহ নিয়ে যেতে দেখা গেছে। বুধবার সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগের পুরোনো ও নতুন ভবন এবং বহির্বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় স্বজনদের ভিড় ছিল। ভুক্তভোগীদের অভিযোগ, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করেও তারা কোনো সহায়তা পাননি।

বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর জানান, ঢাকা মেডিকেলে প্রায় চার হাজার রোগীর সেবায় তাদের ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়মিত নিয়োজিত থাকে। তবে হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার জন্য নির্দিষ্ট কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তায় গাড়ি রাখতে হয়। এর ফলে পুলিশ প্রায়ই মামলা দেয় এবং গাড়ি ডাম্পিংয়ে পাঠিয়ে দেয়, যা তাদের জন্য বড় সংকট তৈরি করেছে।