হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ ভবনে জঙ্গি অভিযান পরিচালনার নামে নয় তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন তারিখ হিসেবে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে এদিন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ সময়ের আবেদন করলে প্রসিকিউশন তাতে আপত্তি জানায়নি। ট্রাইব্যুনালে প্রসিকিউটর জহিরুল আমিন, অলি মিয়া, মামুনুর রশিদ ও মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। প্রসিকিউশন জানায়, নির্ধারিত দিনে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে নতুন তারিখ ঠিক করা হয়েছে।

মামলাটিতে বর্তমানে সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এছাড়া শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

এর আগে মামলাটি ট্রাইব্যুনাল-১ এর অধীনে ছিল, যেখানে গত ২১ জুলাই প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার ঘটনাস্থল ও বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে জঙ্গি তকমা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। ভুক্তভোগী পরিবারের সদস্যদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে এবং প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের শুনানিকালে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ হস্তান্তর করা হলে নতুন করে শুনানির প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে কাউন্টার টেররিজম ইউনিটের ‘অপারেশন স্টর্ম-২৬’ অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয়। মামলাটিতে এই ঘটনাকে পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।