বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের দাবি, এটি দলটির সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি ষড়যন্ত্রমূলক অপপ্রচার। মঙ্গলবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরটি সম্পূর্ণ অসত্য এবং দলটিকে বিতর্কিত করার হীন প্রয়াস। যারা এই ভিত্তিহীন তথ্য ছড়িয়েছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অভিযোগের সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া উচিত এবং জাতির সামনে এর প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে বিতর্কিত করার এই নোংরা প্রচেষ্টা সফল হবে না। এ সময় তিনি দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান যেন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাই করে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা হয়। একই সঙ্গে, তিনি জামায়াতের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা থেকে সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

