উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিএসি-কে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রেসিডেন্টের

দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। সোমবার বঙ্গভবনে কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম।

সাক্ষাতকালে কাউন্সিলের চেয়ারম্যান প্রেসিডেন্টের কাছে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নিজস্ব স্থায়ী ভবন প্রাপ্তি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, বিএসি কর্তৃক প্রদত্ত সনদ বাংলাদেশের উচ্চশিক্ষা এবং বিদেশে কর্মসংস্থানের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রেসিডেন্ট কাউন্সিলের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেছেন। প্রতিনিধিদলের সদস্য হিসেবে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মো. শাহ এমরান এবং অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসিডেন্টের সচিব, প্রেস সচিব, সহকারী সামরিক সচিব ও একান্ত সচিবও এ সময় উপস্থিত ছিলেন।