ইনানীতে রিসোর্ট ভাঙচুর: বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও শঙ্কা

কক্সবাজারের পর্যটনশিল্পে বিনিয়োগ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দুপাশে গড়ে ওঠা হোটেল ও রিসোর্টগুলোর অনুমোদন, নির্মাণবিধি এবং কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কঠোর তৎপরতা বিনিয়োগকারীদের একাংশের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে। বিনিয়োগকারীদের প্রশ্ন, পর্যটন অবকাঠামোর অনিয়ম দূর করার এই উদ্যোগ কি পরিকল্পিত ও সমন্বিত, নাকি এর ফলে বৈধ বিনিয়োগও ঝুঁকির মুখে পড়ছে?

ইনানী এলাকার ‘বে হিলটন বিচ রিসোর্ট’-এর মালিক শহীদুল হকের দাবি, স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ও নির্মাণের অনুমতি নিয়েই তিনি হোটেলটি নির্মাণ করেছেন। এই প্রকল্পে প্রায় ছয় কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন পর কউকের পক্ষ থেকে ভবনটিকে 'সম্ভাব্য ঝুঁকিপূর্ণ' ঘোষণা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শহীদুল হকের অভিযোগ, কোনো কাগজপত্রের তোয়াক্কা না করে গত সোমবার সকালে কউক কর্তৃপক্ষ নির্মাণাধীন চারতলা ভবনটির একাংশ ভাঙচুর করেছে।

কউকের নোটিশে ভবনটির নির্মাণ অনুমোদন না নেওয়া, নির্মাণকাজ শুরুর সময়ের অসংগতি এবং সরেজমিন পরিদর্শনে কাঠামোগত ত্রুটি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সংস্থাটি ভবনটির নিরাপত্তা যাচাইয়ে কারিগরি ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। শহীদুল হক কউক চেয়ারম্যানের কাছে গত ২৬ অক্টোবর দেওয়া লিখিত জবাবে জানিয়েছেন, সংশ্লিষ্ট জমির মূল মালিক ছিলেন জাকির হোসেন। ২০০১ সালের ৪ এপ্রিল নিবন্ধিত দলিলের মাধ্যমে কহিনুর শওকত জমিটির মালিকানা লাভ করেন এবং পরে তাঁর নামে পৃথক নামজারি খতিয়ান সৃজন করা হয়।

মালিকের ভাষ্যমতে, ২০১৪ সালের ২৩ জানুয়ারি জালিয়াপালং ইউনিয়ন পরিষদ ভবনটির নকশা অনুমোদন করে এবং একই বছরের ৩১ ডিসেম্বর নির্মাণের অনুমতি দেয়। ওই অনুমোদনের ভিত্তিতেই ভবন নির্মাণ শুরু হয়। পরে ২০২৫ সালের ২০ আগস্ট নিবন্ধিত ১৫৩২ নম্বর দলিলের মাধ্যমে কহিনুর শওকত ভবন ও সম্পত্তি শহীদুল হকের কাছে বিক্রি করেন। এরপর তাঁর নামে নামজারি করা হয় এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন বলে তিনি কউককে জানিয়েছেন। শহীদুল হক দাবি করেন, কউকের নির্দেশে অনুমোদিত নকশা দাখিল করা হয়েছিল এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদ ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি লিখিতভাবে নকশার সত্যতা নিশ্চিত করেছে। এছাড়া ২০২৬ সালের ১ জুলাই পরিবেশ অধিদপ্তর থেকে অনাপত্তি সনদ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।

তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিয়ন পরিষদের নকশা অনুমোদন ও পরিবেশগত অনাপত্তি সনদ থাকলেই কউকের প্রয়োজনীয় অনুমোদন বা জাতীয় ভবন নির্মাণবিধি (বিএনবিসি) অনুসরণের সব শর্ত পূরণ হয়েছে কি না, তা সংশ্লিষ্ট নথি ও কারিগরি যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করতে হবে। কউকের ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর দেওয়া কারণ দর্শানোর নোটিশে ইনানীর রয়্যাল টিউলিপের পাশের ওই বহুতল ভবনের নির্মাণ অনুমোদন ও নিরাপত্তা নিয়ে আপত্তি তোলা হয়। এতে ২০২৫ সালের ২১ অক্টোবর নকশা প্রদর্শনের নোটিশ, ১৯ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ এবং ৭ ডিসেম্বর চূড়ান্ত নোটিশ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, ভবনটির নির্মাণকাজ ২০১৮ সালের আগে শুরু হয়নি বলে সরেজমিন তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে বিএনবিসি ২০২০-এর বিধান অনুযায়ী কউকের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল। এছাড়া ২০২৬ সালের ১২ আগস্ট কউক সদস্য (প্রকৌশল)-এর নেতৃত্বে একটি দল ভবনটি পরিদর্শন করে কাঠামোগত ত্রুটি, বিচ্যুতি ও অন্যান্য অসংগতি পেয়েছে। এসব কারণে ভবনটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে না কেন, সে বিষয়ে ১৪ দিনের মধ্যে সুনির্দিষ্ট কারিগরি ব্যাখ্যা, কাঠামোগত বিশ্লেষণ বা মূল্যায়ন প্রতিবেদন, প্রত্যয়নপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।