গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মোসলেম আহম্মদ (৩০) ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন। গত ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল রঙের একটি ব্যাগ হাতে ওই শিক্ষকের ভবনে প্রবেশের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, তিনি নিরাপত্তাকর্মীদের সাথে কথা বলে লিফটের দিকে যান এবং ১২টা ৩৯ মিনিটে লিফটে ওঠেন। পরে একই ব্যাগ হাতে নিয়ে তিনি ভবন থেকে বেরিয়ে যান। ব্যাগের ভেতরে মিষ্টির প্যাকেট থাকার বিষয়টিও ফুটেজে স্পষ্ট হয়েছে।
শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেখা করতে ব্যর্থ হয়ে ওই শিক্ষক শিশুটির মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপু, আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সঙ্গে একটু দেখা করতে আসছি।’ তবে শিশুটির বাবা বাসায় না থাকায় এবং পরিবারের সঙ্গে দেখা করতে না পেরে তিনি মাদ্রাসায় ফিরে যান। বর্তমানে তিনি কারাগারে থাকায় এই আচরণের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিপীড়নের শিকার শিশুর বাবা অভিযোগ করেছেন, ঘটনার পর থেকে তাঁর পরিবার বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছে। তিনি বলেন, ‘আমার এবং আমার পরিবারের মোবাইল নম্বরগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই সুযোগে আমাদের ফোনে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে, অভিযোগ যেন তুলে নিই। যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো যেন ফেলে দিই। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে কাটছি।’ তিনি আরও যোগ করেন, তাঁর এই প্রতিবাদ আলেম সমাজের বিরুদ্ধে নয়, বরং ‘লেবাসধারীদের’ বিরুদ্ধে।
গত ১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসায় ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন শিশুটির বাবা ও স্থানীয় লোকজন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এই ঘটনায় করা মামলায় ২১ অক্টোবর শিক্ষক মোসলেমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। গত রোববার আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উভয় পক্ষই থানায় হুমকির অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

