দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রাখার জন্য ইসলামে বিশ্বাসী সর্বস্তরের মানুষকে অনৈক্য ভুলে একতাবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ২০ কোটি মুসলমানের এই বাংলাদেশে স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। একই সঙ্গে ধর্মীয় শিক্ষা ও প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা বন্ধ করে পারস্পরিক সমন্বয়ের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন মাহমুদুর রহমান। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, সত্যিকারের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা এবং ইসলামে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই কেবল দেশের সার্বভৌমত্ব সুরক্ষা করা সম্ভব।
বিশ্ব জুড়ে প্রায় ২০০ কোটি মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও তাদের মধ্যে প্রত্যাশিত ঐক্যের অভাব নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন আমার দেশ সম্পাদক। তিনি মনে করিয়ে দেন, পবিত্র কোরআনের সুরা আলে ইমরান, সুরা আল-হুজুরাত এবং সুরা আল-আম্বিয়ায় মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মুসলিম সমাজ সেই কাঙ্ক্ষিত ঐক্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। মাহমুুদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, অতীতের প্রজন্ম যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি, আজকের নতুন প্রজন্ম তা বাস্তবায়ন করে দেখাবে।
অনুষ্ঠানে সদ্য পুরস্কৃত ও পাগড়িপ্রাপ্ত তরুণ হাফেজদের প্রতি অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই তরুণদের প্রকৃত জীবন কেবল শুরু হচ্ছে। তাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা সঠিকভাবে পালন করতে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়া প্রয়োজন। কারণ আগামী দিনে এই তরুণরাই সমাজ, ধর্ম ও রাজনীতির অঙ্গনে বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে। বিশ্ব জুড়ে মুসলমানদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে রাখা হয় উল্লেখ করে তরুণদের নিজ নিজ ব্যক্তিগত জীবনে আদর্শ মুমিনের চরিত্র গঠন ও ইসলামের সত্য সৈনিক হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।
ঐতিহাসিকভাবে মুসলিম বিশ্বের বিপুল সম্পদ ও মেধার প্রাচুর্যের কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, জ্ঞান-বিজ্ঞান, বিশ্বসভ্যতা ও গবেষণায় একসময় মুসলিমদের অবদান ছিল শীর্ষে এবং আধুনিক বিজ্ঞানের গোড়াপত্তনেও তাদের ভূমিকা অনস্বীকার্য। উদাহরণ হিসেবে তিনি গণিতে আল-খারেজমির বীজগণিত ও অ্যালগরিদম এবং চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনার যুগান্তকারী অবদানের কথা স্মরণ করেন। তরুণ আলেমদের প্রতি ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতেও শ্রেষ্ঠত্ব অর্জনের তাগিদ দেন তিনি, যেন বৈশ্বিক দরবারে মুসলিমদের হারানো গৌরব ও নেতৃত্ব পুনরুজ্জীবিত করা সম্ভব হয়।
উক্ত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দেশের খ্যাতনামা আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

