নায়িকা শিমু হত্যা মামলায় ১৯ নভেম্বর সাফাই সাক্ষ্য গ্রহণের দিন

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও সহযোগী এস এম ফরহাদের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। সোমবার সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এই তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে আসামিরা আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য প্রদানের আবেদন জানান। শুনানি শেষে আদালত আসামিপক্ষের সাফাই সাক্ষ্যের জন্য উক্ত তারিখ নির্ধারণ করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

তদন্তে জানা যায়, মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের জেরে ২০২২ সালের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে যেকোনো সময় শিমু খুন হন। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়।