পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ঠিক করতে নতুন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া হবে, নাকি রাজপথে আন্দোলন শুরু করা হবে—এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সংসদীয় দলের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পন্থায় ভবিষ্যৎ করণীয় ঠিক করার এই প্রক্রিয়ায় প্রাদেশিক আইনপ্রণেতাদের যুক্ত করতে একমত হয়েছেন পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব। সরকারের সঙ্গে ফের আলোচনা শুরু করা উচিত নাকি প্রতিবাদের পথ বেছে নেওয়া শ্রেয়, সে বিষয়ে সংসদীয় দলের বৈঠকে আইনপ্রণেতাদের মতামত চাওয়া হবে। গত সোমবার সংসদীয় দলের এক বৈঠকে কয়েকজন প্রতিনিধি সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়ায় নিজেদের আস্থায় নেওয়ার দাবি জানান। তারই জের ধরে প্রাদেশিক পরিষদের সংসদীয় দলের বৈঠকে এই সংক্রান্ত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারের সঙ্গে আলোচনা ও রাজপথের আন্দোলনের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পুরো দায়িত্ব পিটিআইয়ের রাজনৈতিক ও কেন্দ্রীয় কমিটির হাত থেকে সরিয়ে সংসদীয় দলের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে দলটির একাধিক আইনপ্রণেতা এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্যমতে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা ও বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মাহমুদ খান আচাকজাই এবং আল্লামা রাজা নাসির আব্বাসের ওপর ন্যস্ত রয়েছে।
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১১: ১৮আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১১: ২২

