দেশের সব ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ভোটার তালিকা হালনাগাদ করা এবং সীমানা সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়ানোর লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং পুনর্গঠন-সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। একই সঙ্গে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাবিষয়ক স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত স্মারকের আওতায় চলমান সব কার্যক্রমও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

