পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘অর্ণব’, যা বাংলাদেশের দেওয়া নাম।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা বিশেষ বিজ্ঞপ্তি ৩-এ এসব তথ্য তুলে ধরেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি জানান, দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপটি। রোববার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি প্রথমে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় হিসেবে প্রকাশ পেতে পারে। পরবর্তী সময়ে এর গতিপথ পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিম দিকে বাঁক নিতে পারে এবং আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

