ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির নীতিমালা তৈরির কাজ চলছে: এমপি টিপু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি জানান, নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন হলে এমপিওভুক্তির বিষয়ে পরবর্তী কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষা ঐক্যফ্রন্ট আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির বিষয় ছিল 'ইসলাম শিক্ষা বিস্তারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং নৈতিক শিক্ষায় ইবতেদায়ি মাদ্রাসার ভূমিকা'।

ডা. ইকরামুল বারী টিপু বলেন, সরকার এই দাবি নিয়ে কাজ করছে। নীতিমালা ছাড়া এমপিও প্রদান করা সম্ভব নয় বলেই এর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজ শেষ হলে নীতিমালা থাকা সত্ত্বেও কেন এমপিও দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করা যাবে। তিনি আরও জানান, এই দাবির বিষয়ে তিনি জাতীয় সংসদে একটি নোটিশ জমা দিয়েছেন। লটারিতে তার নোটিশটি নির্বাচিত হলে তিনি সংসদে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, যাতে অন্যান্য সংসদ সদস্যরাও এই দাবির পক্ষে কথা বলার সুযোগ পান। এছাড়া জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় সংসদের ৭১ বিধিতে নোটিশ প্রদান এবং প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপনের পরিকল্পনা রয়েছে তার।

শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ডা. টিপু বলেন, তিনি এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সেমিনারে শিক্ষকদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়:

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সংশোধন করা নীতিমালা অনুসারে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ বা এমপিওভুক্তির গেজেট প্রকাশ করা।অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা।সংসদ সদস্যদের ডিও লেটার ও সুপারিশের ভিত্তিতে যোগ্য সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করা।সেমিনারে শিক্ষকরা উল্লেখ করেন, ইসলামি শিক্ষার প্রসারে ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে ১৯৯৪ সালে শিক্ষকদের জন্য অনুদান চালু হয় এবং উপবৃত্তি ও বিনামূল্যে বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষকরা মাদ্রাসা শিক্ষার বৈষম্য দূর করে মানোন্নয়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, পোশাক, জুতা ও ব্যাগের ব্যবস্থা করার দাবি জানান।