হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। শনিবার রাজশাহীতে তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে মাহমুদ জামাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্থানীয় ক্রীড়া মহলে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। কর্মজীবনে তিনি দীর্ঘ সময় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ক্রীড়া সংগঠক হিসেবে মাহমুদ জামাল জাতীয় পর্যায়েও সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন।
তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
