রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়ত থেকে চাঁদা তোলার অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিবির পক্ষ থেকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নয়নের বিরুদ্ধে কেবল কারওয়ান বাজারের অভিযোগই নয়, আদাবর এলাকায় তাঁর ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নয়ন ও তাঁর অনুসারীদের কর্মকাণ্ডে তারা দীর্ঘ সময় ধরে অতিষ্ঠ ছিলেন। বর্তমানে আদাবরের মনসুরাবাদ হাউজিংয়ের ৬ নম্বর সড়কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সড়ক ও পয়োনিষ্কাশন নালার সংস্কারকাজ চলছে। অভিযোগ রয়েছে, এই এলাকায় অবস্থিত ৫০ থেকে ৬০টি বাড়ির মালিকদের পানির লাইন ও পয়োনিষ্কাশনের কাজ নিজেদের লোক দিয়ে করাতে বাধ্য করেছেন নয়নের অনুসারীরা। কাজ শেষ করার পর প্রতিটি বাড়ি থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জোর করে আদায় করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সড়কটির ৬৯ ও ৭০ নম্বর বাড়ির মালিককে পানির লাইনের কাজের জন্য ৫৫ হাজার টাকা দাবি করা হয়েছিল। বাড়ির মালিক নিজস্ব মিস্ত্রি দিয়ে কাজ করাতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। বাড়ির তত্ত্বাবধায়ক সাজু হোসেন জানান, নয়নের লোক পরিচয় দিয়ে চার-পাঁচজন এসে কাজ করার জন্য চাপ দেন এবং পরে মোটা অংকের বিল ধরিয়ে দেন। একই সড়কের আরেক বাড়ির নিরাপত্তাকর্মী মো. শহীদুল্লাহ জানান, তাদের বাড়ির একটি লাইনের জন্য তিন ধাপে ২৩ হাজার ৫০০ টাকা জোর করে নেওয়া হয়েছে, যা অন্য মিস্ত্রি দিয়ে করালে ১০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকত।
এলাকাবাসীর অভিযোগ, নয়ন হোসেন ও আদাবর থানা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মজুমদার জসিমের নেতৃত্বে নির্মাণাধীন ভবন, ফুটপাতের দোকান ও এমব্রয়ডারি কারখানা থেকে নিয়মিত চাঁদা তোলা হতো। এছাড়া ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বাবুলের আলিফ হাউজিংয়ের একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে। যদিও মনিরুজ্জামান মজুমদার চাঁদাবাজি বা দখলের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি মীমাংসার জন্য গিয়েছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।
ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, কারওয়ান বাজারের একটি চাঁদাবাজির ঘটনায় সন্দেহভাজন হিসেবে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং সম্পৃক্ততা পাওয়া গেলে অন্যদেরও আইনের আওতায় আনা হবে। এদিকে, আদাবরের ঘটনায় দায়ের করা মামলাটি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন বিলুপ্ত হওয়া আদাবর থানা ছাত্রদল কমিটির সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। উল্লেখ্য, গত মাসে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল আদাবর থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল।
