জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইনজেকশনসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন কালাই উপজেলার পাঁচগ্রাম এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. ছানোয়ার হোসেন (৩২), দেওগ্রাম এলাকার আঞ্জমান (৩২) এবং আফিয়া ফেরদৌসী মিম (২৫)।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় সূত্র ও জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিজিবির অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিজিবির দুটি টহল দল, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানকালে ১৮০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন এবং নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা। এর মধ্যে ট্যাবলেটের মূল্য ৫৪ হাজার টাকা, ইনজেকশনের মূল্য ৩০ হাজার ৬০০ টাকা এবং স্মার্টফোন দুটির মূল্য ৬০ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের ও জব্দকৃত মালামাল কালাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
