প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করার ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মতো গুণাবলি গড়ে তোলে। সুস্থ জাতি গঠনের লক্ষ্যে মাঠ ও খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি।
১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। বঙ্গভবন থেকে তিনি এই প্রতিযোগিতার সূচনা করেন। রাষ্ট্রপতি আরও বলেন, খেলাধুলা জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উত্তোলন এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত বাজানো পুরো জাতির জন্য গর্বের বিষয়। এ সময় আমাদের একমাত্র পরিচয় হয় বাংলাদেশি হিসেবে।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সরকার সুস্থ জাতি গঠন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ তৈরির মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি অবৈধভাবে দখল হওয়া মাঠগুলো উদ্ধার করে সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়া নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করা, স্কুল-কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন এবং আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর ওপর জোর দেন তিনি। বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
প্রতিযোগিতাটি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের। বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫৭টি দলের মার্চ পাস্ট এবং থিম সং পরিবেশন করা হয়। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস গেমসের মশাল প্রজ্জ্বলন করেন। রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মেডেল প্রদান করেন।
