ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে ট্রাপেস এলাকায় এক বন্দুকধারীর হামলায় একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যকরনু এই ঘটনাকে 'অত্যন্ত গুরুতর' বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে।
সংবাদ সংস্থা এএফপি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলি চালান। স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলের নিকটবর্তী কোইনিয়ার্স শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং আহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্সে আগামীকাল শনিবার বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ইয়োলো ভেস্ট আন্দোলনকারী ও বিভিন্ন ছাত্র সংগঠন এই বিক্ষোভের আয়োজন করেছে। কর্তৃপক্ষ বিক্ষোভ ঠেকাতে অনেক শহরে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বর্তমান গুলির ঘটনার সঙ্গে এই বিক্ষোভের কোনো যোগসূত্র আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বর্তমানে ন্যাশনাল অ্যান্টি-টেররিজম প্রসিকিউটর অফিস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফ্রান্সে শিক্ষাব্যবস্থায় নানা সমস্যা সামনে এনে সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করে। সেই আন্দোলন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার অবনতির মতো নানা ইস্যুতে বিস্তৃত হয়ে তাতে যুক্ত হন নানা শ্রেণি–পেশার মানুষ। আন্দোলকারীদের ব্যাপক সহিংসতার মুখে বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়। আগামী বছরের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সরকার ও বিরোধী দলগুলো সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করছে।
