২৯ বছরেও সংকট কাটেনি লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর

লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় ১৯৯৭ সালে ১৬ একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীটি গড়ে তোলা হয়। বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে ২০০০ সাল থেকে প্লট বরাদ্দ দেওয়া শুরু হয়। তিন ধাপে ৫৪টি শিল্প ইউনিটের অনুকূলে ৯৯টি প্লট বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে এর মধ্যে মাত্র ৩০টি শিল্প ইউনিট চালু রয়েছে। উপকূলীয় এই জনপদে সস্তা শ্রম এবং দেশের ২১ জেলার সাথে সহজ যোগাযোগব্যবস্থার ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও অব্যবস্থাপনার কারণে অনেক প্রতিষ্ঠান উৎপাদনে যেতে পারেনি।

উদ্যোক্তারা জানিয়েছেন, শিল্পনগরীটিতে গ্যাস ও পানির তীব্র সংকট, অভ্যন্তরীণ সড়কের করুণ দশা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং লোডশেডিংয়ের মতো সমস্যা নিত্যসঙ্গী। লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই শিল্পনগরীর মূল ফটকে কোনো প্রবেশদ্বার বা সীমানা প্রাচীর নেই। অভ্যন্তরীণ সড়কের ছোট-বড় অসংখ্য গর্তের কারণে ট্রাক ও পিকআপ ভ্যানে মালামাল পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট থাকায় বর্ষাকালে হাঁটুপানি জমে মশা-মাছির উপদ্রব ও রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। নিরাপত্তাকর্মী ও সীমানা প্রাচীরের অভাবে চুরি-ছিনতাইয়ের আশঙ্কায় নারী শ্রমিকরাও নিরাপত্তাহীনতায় ভোগেন।

আব্দুর রহমান নামে একজন কারখানা মালিক জানান, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে পণ্য আনা-নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মিতালি বেকারির কর্মচারী আবদুল কুদ্দুস বলেন, সড়কগুলো নিম্নমানের উপকরণ দিয়ে সংস্কার করা হলেও তা টেকসই হয় না। ভাইয়া গ্রুপের অ্যাডমিন বেলাল হোসেন ড্রেনেজ ও যাতায়াত সমস্যার কারণে জীবাণু ছড়ানোর আশঙ্কার কথা উল্লেখ করে দ্রুত পদক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে বিসিকের কর্মকর্তা মো. জুয়েল চৌধুরী জানান, শিল্পনগরীর উন্নয়নে প্রধান ফটক নির্মাণের জন্য আবেদন করা হয়েছে এবং গত দুই অর্থবছরে সড়কের বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, নিজস্ব ডাম্পিং ইয়ার্ড নির্মাণ ও ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। আগামী দুই অর্থবছরের জন্য দেওয়া প্রাক্কলন বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি উদ্যোক্তাদের শিল্পকারখানা চালুর জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।