শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা-পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি সেতুর নিচে খালের পানিতে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা জানান, সকালে খালের পানিতে ড্রামটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি গ্রাম পুলিশকে জানানো হলে তারা ড্রামের ভেতর নারীর মরদেহ দেখতে পায়। কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ খান নুন জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত পুলিশকে অবহিত করেন। তিনি ধারণা করছেন, কেউ মরদেহটি সেখানে ফেলে রেখে যেতে পারে। তিনি দ্রুত ওই নারীর পরিচয় শনাক্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। তবে এই মুহূর্তে নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা ড্রামের ভেতর মরদেহ কীভাবে এল, তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
