যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা কষছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে দুই দেশ তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কবে এই হামলা চালানো হতে পারে, তা গণমাধ্যমটি নিশ্চিত করেনি।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এবং পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের সামরিক মহড়া জোরদার করেছে। এর অংশ হিসেবে ইরানের পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশ ইরাকের আকাশসীমার ওপর দিয়ে বিমান উড়িয়ে হামলার কৌশলও অনুশীলন করা হচ্ছে। তবে এসব প্রস্তুতির অর্থ এই নয় যে, হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সামরিক পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চলতি অক্টোবরেই হামলা চালানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না, যদিও সেই সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী সম্ভাব্য নতুন অভিযানের জন্য প্রস্তুতি বাড়াচ্ছে। ইরাকের আকাশসীমায় বিমান পরিচালনার মাধ্যমে হামলার কৌশল অনুশীলন করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে, তা নিয়েও পরিকল্পনা তৈরি হয়েছে।
