দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। মাধবপুর নবদুর্গা পূজা কমিটির বিশেষ আমন্ত্রণে তারা ভারতের আসাম রাজ্যের উদ্দেশে রওনা দেবেন আগামী ২১ অক্টোবর। আসামের হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে তাদের প্রথম কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করার পর আগামী ২৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
ধর্মীয় সংগীত, দেশজ সুর এবং আধুনিক গানের সংমিশ্রণে টিম বৃষ্টির পরিবেশনা এরই মধ্যে দর্শক মহলে বেশ আগ্রহ তৈরি করেছে। ব্যান্ডের ম্যানেজার অমিত সাহা জানান, ভারতের এই অনুষ্ঠানে তারা আধুনিক ধর্মীয় গানের পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন পরিবেশন করবেন, যা দর্শকদের মুগ্ধ করবে বলে তারা আশা করছেন। অমিত সাহা বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব।’ ভবিষ্যতে দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন তারা।
টিম বৃষ্টির বর্তমান লাইনআপে রয়েছেন বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (ইউকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি) এবং তন্ময় দত্ত (বেজ গিটার)।
ব্যান্ডের ভোকাল বৃষ্টি দে জানান, তিনি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। করোনার সময় ঘরবন্দি অবস্থায় সমবয়সী ভাইদের সঙ্গে গানের আড্ডা থেকেই এই ব্যান্ডের যাত্রা শুরু হয়। সেই আড্ডা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে ব্যান্ডের পরিচিতি বাড়তে থাকে। গানকে আরও বিস্তৃত করার লক্ষ্যে তারা সবাই মিলে ‘টিম বৃষ্টি স্কুল অব মিউজিক’ নামে একটি গানের স্কুলও গড়ে তুলেছেন, যেখানে নিয়মিত চর্চা অব্যাহত রয়েছে।

