রাজধানীর পূর্বাচলে নিজ ফ্ল্যাটে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড থেকে ৭০ শতাংশ মুনাফা নেওয়ার অভিযোগ ওঠার পর পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হয়। অবিলম্বে এ নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।
এর আগে পূর্বাচলের একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, সেখানে অনলাইনে জন্মদিনের পার্টির কথা বলে তরুণ-তরুণীদের ডেকে এনে রাতভর মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম চালানো হতো। ওই ফ্ল্যাটের মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। সেখান থেকে পাওয়া আয়ের বড় অংশ অর্থাৎ ৭০ শতাংশ তিনি নিজে নিতেন বলে জানায় ডিবি।
অভিযানে অংশ নেওয়া ডিবির একাধিক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক আবাসন ভাড়ার মাধ্যম 'এয়ারবিএনবি'র মাধ্যমে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হতো। ফ্ল্যাটমালিক হিসেবে জহির নিজে ‘হোস্ট’ পদে ছিলেন এবং পুরো কার্যক্রম পরিচালনায় মাহবুবুল আলম নামে এক তরুণ ‘কো-হোস্ট’ হিসেবে তাকে সহযোগিতা করতেন। এ ধরনের ব্যবসায় অভিজ্ঞ মাহবুবুলের পরামর্শেই জহির ফ্ল্যাটটি বিশেষভাবে সাজিয়ে তোলেন এবং এয়ারবিএনবির অনুমোদন নিয়ে কারবার শুরু করেন। আয়োজিত ব্যবসার ৭০ শতাংশ জহির এবং ৩০ শতাংশ মাহবুবুল পেতেন।
ডিবি সূত্রের বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন ছড়িয়ে তরুণ-তরুণীদের এই ফ্ল্যাটে আসার আমন্ত্রণ জানানো হতো। সেখানে রাতভর মদ, সিনথেটিক মাদক ও অন্যান্য সামগ্রীর উপস্থিতি থাকত। অভিযানের সময় ফ্ল্যাটটি থেকে কুশ, পাঁচ বোতল মদ ও কনডম উদ্ধার করা হয়। জব্দকৃত মদের বোতলগুলোর মধ্যে একটিতে সামান্য, দুটিতে অর্ধেক মদ অবশিষ্ট ছিল এবং একটি পুরো খালি পাওয়া যায়।
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, অভিযানের সময়ে ফ্ল্যাটটিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১৫ থেকে ২০ জন পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যান। সেখানে ২০২৫ সাল থেকে নিয়মিত এ ধরনের কার্যক্রম চলে আসছিল। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি থাকায় প্রত্যেককে তল্লাশি ও শনাক্তকরণ, মালামাল জব্ধ এবং আটকদের প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যেতে দীর্ঘ সময় লাগে। রাজারবাগ থেকে কয়েক দফায় প্রিজন ভ্যান এনে আটকদের স্থানান্তরিত করতে করতে ভোর ৬টা বেজে যায়।

