রাজধানীসহ সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৯৭ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩০৭ শিশু।
বর্তমানে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২৩ হাজার ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

